ঢাকা৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলার অভিযোগ অস্বীকার করে জামায়াতের বিবৃতি

প্রতিবেদক
Arif
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগরে ঘোড়া মার্কার নির্বাচনী কর্মী আশিকুল ইসলামের উপর নির্মম হামলায় জামায়াতে ইসলামী মনোনীত কর্মীদের উপর আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে জোড়ালো প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। এই হামলার ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর কোন সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ীয়া উপজেলা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা ফজলুল হক শামীম।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দাবী করেন, ব্যক্তিগত ও অবৈধ ব্যবসায়িক বিরোধের জের ধরে উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে। এর সঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কিংবা দলের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুঃ কামরুল হাসান মিলনের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে জামায়াতের পক্ষ থেকে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও নির্বাচন পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসনের উদ্যোগে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হবে—এমন বিশ্বাস জামায়াত করে। একই সঙ্গে সকল অপপ্রচারের জবাব আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে ফুলবাড়ীয়ার জনগণ দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব
মাওলানা ফজলুল হক শামীম।