ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
বিয়ের আয়োজন চলছিল ধুম-ধামে, কিছুক্ষন পর আসবে বরের গাড়ী, সকল আয়োজন হয়েছে সম্পন্ন। এমন এসময় জুরুরী পুলিশসেবার ৯৯৯-এর কল আসে ত্রিশাল থানায়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পথেই থেমে যায় বর যাত্রীর গাড়ী।
ঘটনাটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ছলিমপুর পশ্চিম গ্রামের। ত্রিশাল থানা পুলিশ জানায়, ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ছলিমপুর পশ্চিম পাড়া গ্রামের শফিউল ইসলামের মেয়ে ৮ম শ্রেণী পড়–য়া ছাত্রীর বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল শুক্রবার।
দুপুরে পুলিশের জুরুরীসেবা ৯৯৯ এ কল আসে। কল পেয়ে ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) রুবেল খান ও (এ.এস.আই) আহসান হাবীব ঘটনাস্থলে পৌছে কনের শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দেখে বিয়ে দিতে বারণ করেন। পুলিশের উপস্থিতির সংবাদ বর পক্ষের কাছে পৌছলে তারা রাস্তা থেকেই ফিরে যায়।
ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এ.এস.আই) আহসান হাবীব জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে কনের পরিবারকে বাল্য বিয়ের কুফল ও না দেওয়ার সুফল সম্পর্কে তাদের বুঝালে মেয়ের পিতা-মাতা মুচলেকা দেয় যে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিবে না। পরে বিয়ে বন্ধ হয়।
