মোঃ হাবিব উল্লাহ হাবিব, ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় দুর্নীতির দায়ে শামসুল হক সরকার নামের এক দলিল লেখককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শামসুল হক ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মচারীর যোগসাজসে সরকারি খাস জমির ভুয়া কাগজ তৈরি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ২৩ অক্টোবর রিপন ধরের নামে সরকারি খাস খতিয়ানভূক্ত ১.৩৭ একর জমির ভুয়া খাজনা দাখিলা ও মাঠপর্চা তৈরি করে ৩৮৯৯ নং ও ৩৯০০ নং দলিল মূলে মাজেদা খাতুন ও নিজাম উদ্দিন নামে দুই ব্যক্তির নিকট মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দেন।
বিষয়টি জানতে পেরে উপজেলার উদয়পুর গ্রামের নাদিউজ্জামান নামের এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। ধোবাউড়া বাজারের ব্যবসায়ী বুরুজ মিয়া অভিযোগ করেন, তাঁর একটি জমি রেজিস্ট্রি করতে গেলে শামসুল হক তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবী করেন। চাঁদা না দিলে তাঁর জমি রেজিস্ট্রি করতে তিনি বাধা দেবেন বলে হুমকি দেন। এ ছাড়াও তার বিরুদ্ধে ভুয়া দলিল তৈরি সহ অসংখ্য অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপজেলা সাব-রেজিস্টার আশীষ কুমার সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি আসার পূর্বে তার বিরুদ্ধে অভিযোগের তদন্তে প্রমানিত হওয়ায় দলিল লেখক শামসুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তি নির্দেশ না পাওয়া পর্যন্ত শামসুল হক দলিল রেজিস্ট্রি করতে পারবে না বলে তিনি জানান।
