ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিঁথিকে দেয়া কথা রাখলেন ইমরান

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২২, ২০২০ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক

গত বছর চ্যানেল আইয়ে অনুষ্ঠিত শিশুদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’র অন্যতম বিচারক ছিলেন গায়ক ইমরান মাহমুদুল। প্রতিযোগিতার সেরা পাঁচের পর্বে তিনি কথা দিয়েছিলেন, পাঁচজনের জন্যই গান করবেন। সেই কথা মতো ওই প্রতিযোগিতায় প্রথম হওয়া লাবিবা এবং দ্বিতীয় হওয়া শরিফুলকে নিয়ে এরই মধ্যে গান করেছেন ইমরান।

এবার তৃতীয় হওয়া সিঁথি সরকারের জন্য করলেন গায়ক। গানটির শিরোনাম ‘জানি পাব না’। এটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। পাশাপাশি সিঁথির সঙ্গে গানটিতে তিনি কণ্ঠও দিয়েছেন। সিঁথির গান শুনে অডিশন রাউন্ডেই নাকি ইমরান কথা দিয়েছিলেন, তার সঙ্গে গান গাইবেন। অবশেষে সেই কথা রাখলেন।

এত জনপ্রিয় একজন গায়ক তথা নিজের গানের প্রতিযোগিতার বিচারকের সঙ্গে গান গাইতে পেরে দারুণ খুশি সিঁথি। তিনি বলেন, ‘ইমরান স্যার জনপ্রিয় গায়ক। তিনি আমাদের প্রতিযোগিতার বিচারক ছিলেন। অডিশন রাউন্ডে আমাকে নিয়ে গান গাওয়ার কথা বলেছিলেন। সেটা যে সত্যি হবে, তার সঙ্গে গান করতে পারব, ভাবিনি। এটা এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।’

গায়ক ইমরান বলেন, ‘সেরা পাঁচের পাঁচজনকেই নিজ উদ্যোগে গান করে দেয়ার কথা দিয়েছিলাম। তার আগে অডিশন রাউন্ডেই সিঁথির গান ভালো লেগেছিল। তাকে বলেছিলাম, তোমার সঙ্গে আমি একটা গান গাইব। তার বয়স কম হলেও কণ্ঠটা পরিণত, যেটা অন্যদের ছিল না। তাই ওর কণ্ঠের সঙ্গে মিলিয়ে একটি হালকা রোমান্টিক গান করলাম। ওকে দেয়া কথা রাখতে পেরে ভালো লাগছে।’

‘জানি পাব না’ গানটির সংগীতচিত্র ধারণ করা হয় গত ফেব্রুয়ারিতে। সিঁথির সঙ্গে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির ভিডিওতে মডেলও হয়েছেন ইমরান। তার সঙ্গে মডেল হয়েছেন লাক্স তারকা ও অভিনয়শিল্পী নাদিয়া মিম। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। ঈদুল আজহা উপলক্ষে শিগগির গানটি সিএমভি ইউটিউব চ্যানেলসহ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাবে।