মুহাঃ মাসুদ রানা, হালুয়াঘাট প্রতিনিধিঃ
রোদ,ঝড়,বৃষ্টিসহ সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে যিনি মাথার কাপড় ঝুঁকিয়ে বসে থাকেন সামান্য কিছু সাহায্যের আশায়। এভাবেই চলতে থাকে বছরের পর বছর। চির চেনা ঠিক একই জায়গায়। হ্যাঁ, আমি বলছি সেই গোবরাকুড়া গ্রামের পরিচয়হীন ভিক্ষাবৃত্তিতে নিমজ্জিত বৃদ্ধার কথা। আজ সে বয়সের ভারে ন্যুব্জ। থাকার জায়গাটুকু পর্যন্ত নেই। এভাবে চলছিলো তার জীবন।
আর তাই সোশ্যাল মিডিয়ার বদৌলতে, হালুয়াঘাট উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিম ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহমানের সহায়তায় ভিক্ষাবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন পূর্বগোবরাকুড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের স্ত্রী ছালেমা (৭২)। তার জন্য ব্যবস্থা করা হয়েছে আর্থিক সহায়তাসহ সরকারি ভাতার। নগদ আর্থিক ও খাদ্য সহায়তা গ্রহন, সেই সাথে সরকারি ভাতা ও ঘর পাওয়ার আশ্বাস পাওয়া এই বৃদ্ধার খুশিতে চোখ দুটো ভিজে যাচ্ছিলো বার বার। সেই সাথে অঙ্গীকার ছিল আর ভিক্ষে না করার।
জানতে চাইলে উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিম বলেন, যেহেতু উনার নিজস্ব কোন জমি নেই, তাই গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ঘর তৈরী করা কিছুটা বিলম্ব হবে। তিনি আরো বলেন, সামাজিক চেতনা জাগ্রত করতে পারলেই কেবল সমাজ ও দেশ থেকে ভিক্ষাবৃত্তির মতো ঘৃণ্য অভিশাপ দূর করা সম্ভব হতে পারে।
