স্টাফ রিপোর্টার:
বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশে ১ কোটি ২০ লক্ষ্যের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। তারা প্রতি বছর গড়ে ১৬ বিলিয়নের অধিক মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠানোর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বছরে প্রায় ৭ লক্ষ অভিবাসীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে।
বিদেশে দক্ষ কর্মী পাঠাতে দেশে ৬৪টি ট্রেনিং সেন্টার ও ৬টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের ৫৫টি ট্রেডে দক্ষাতা প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। আরো ৪০টি নতুন প্রশিক্ষন কেন্দ্র নির্মাণ কাজ চলমান রয়েছে,সরকার দেশের প্রতিটি উপজেলায় টিটিসি নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই এই শ্লোগানকে রবিবার ময়মনসিংহে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও দিনব্যাপী এক সেমিনার বক্তারা এসব কথা বলেছেন।
জেলা প্রশাসক মিজানুর রহমান বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যবে জেলা প্রশাসক বলেন, বিদেশগামী কোনো ব্যক্তি যাতে প্রতারিত না হয় সেজন্য সবাইকে সচেতন করতে হবে। ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, জেলা কর্মসংস্থান অফিসার এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় ও ময়মনসিংহ মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার বক্তব্য রাখেন। বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারে জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিক ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
