একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলার পৌরসভার রাজনগড় এলাকায় করোনায় আক্রান্ত হয়ে কুলসুম বেগম নামে (৫৫) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিল। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করানো হত। গত ২৯জুন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডায়ালাইসিস করানোর কথা ছিল। তার করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে রাজি হননি। তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে বলা হয়। বুধবার (৮ জুলাই) দুপুরে পঞ্চগড় শহরের রাজনগড় এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান।
মৃত কুলসুম বেগম পঞ্চগড় শহরের রাজনগড় এলাকার ইসমাঈল হোসেন খোকনের স্ত্রী। পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম রীনা জানান,করোনায় আক্রান্ত ঐ মহিলা দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিল। তাকে নিয়মিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডায়ালাইসিস করানো হত। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর ছেলের কয়েকদিন আগে করোনায় শনাক্ত হন।
ওই নারী তার ছেলের দ্বারা আক্রান্ত হন। পরে স্বাস্থ্য বিভাগ তাদের বাড়ির সকলের ২ জুলাই নমুনা সংগ্রহ করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। গত শনিবার (৪ জুলাই) রাতে ওই নারীর নমুনার রিপোর্ট পজেটিভ আসে। এদিকে উপজেলা প্রশাসন করোনায় আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হওয়ার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছিল। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ৪ জনে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১শ ৫৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১শ ২৬ জন। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী জানান, সকল ধরনের স্বাস্থ্য বিধি মেনেই শতর্কতার সাথে জানাযা পড়ানো হবে।
