ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্য হাতির তান্ডবে হালুয়াঘাট বনবিভাগের কার্যালয় লন্ডভন্ড

প্রতিবেদক
Mymensingh
জুন ২৪, ২০২০ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ভারতীয় বন্য হাতির পালের তান্ডবে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের বন বিভাগের গোপালপুর ভিটের কার্যালয় লন্ডভন্ড হয়ে গেছে। গোপালপুর বিটের বিট অফিসার মোঃ শাহ আলম জানান, মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তের গোপালপুর এলাকায় প্রায় ৫০/৬০ টি পাহাড়ী হাতি গভীর রাতে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় হিংস হাতির তান্ডবে বিট অফিসের বিল্ডিং ভেঙ্গে ফেলে। নষ্ট করে ফেলে ঘরের আসবাবপত্র।

এ সময় বিট অফিস ছাড়াও আশপাশের আরও বেশ কিছু বাড়ি ভাংচুর করে। একই সাথে ফলজ ও বনজ বৃক্ষেরও ক্ষতিসাধন করে। স্থানীয়রা জানান, গত রাত ২ টার দিকে হাতির পাল বর্ডার ক্রস করে যখন বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তখন আশপাশের এলাকায় চরম আতংক বিরাজ করে। এ সময় ঘর ছেড়ে শতাধিক লোক বাহিরে চলে আসে।

আগুন জ্বালিয়ে কোনমতে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। বনবিভাগ গোপালপুর বিট অফিসার আরও বলেন, বনবিভাগের কার্যালয়টি যেভাবে বিনষ্ট করেছে তাতে এখন আর থাকার অবস্থা নেই। রান্না করার চুলো বা পানির ট্যাংকিসহ ঘরের আসবাবপত্রও বিনষ্ট করে দিয়ে গেছে। তাই জরুরী ভিত্তিতে বিট অফিসের বিল্ডিং মেরামত না করলে অফিসিয়াল কাজকর্ম করা কষ্টকর হয়ে পড়বে।