মো. ইয়াকুব আলী, ফুলপুর:
ময়মনসিংহের ফুলপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাগর মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে। নিহত সাগর মিয়া উপজেলার পশ্চিম ইমাদপুর গ্রামের সোহরাব উদ্দিনের পুত্র ও হাজী ফয়েজ উদ্দিন মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। জানা যায়, ফুলপুর উপজেলার পশ্চিম ইমাদপুর গ্রামে কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ঝগড়া হয়।
এরপর গত রবিবার স্কুলছাত্র সাগর মিয়া একই গ্রামের বখাটে রিয়াজ উদ্দিনের (১৭) বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়ার জের ধরে রিয়াজগংরা তার পথরোধ করে এবং সাগরকে কিলঘুষি মারতে থাকে। খোকন মিয়ার পুত্র বখাটে রিয়াজ উদ্দিন এক পর্যায়ে সাগর মিয়ার তলপেটে সজোরে লাথি মারে।
আহত সাগর মিয়াকে প্রথমে ফুলপুর হাসপাতালে পরে সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোররাতে সাগর মিয়া মারা যান। পুলিশ শামছু মিয়া নামে ১ জনকে গ্রেপ্তার করেছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
