মুহাঃ মাসুদ রানা, হালুয়াঘাট প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত হয়েছে। জানা যায়, ভারতীয় সীমান্তের দুইশত গজ অভ্যন্তরে নদীর তীরে অবস্থান করায় এক অজ্ঞাত যুবককে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। নিখোঁজ জলিলের ভাই শুক্কুর আলী জানায়, গতকাল রবিবার সন্ধ্যা হতে মানসিক ভারসাম্যহীন আমার ছোট ভাই জলিল (২৬) নিখোঁজ রয়েছে।
ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিই তার ছোট ভাই জলিল। ঘটনার সত্যতা স্বীকার করেন হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আবু বকর সিদ্দিক। বিকেলে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক শেষে গোবরাকুড়া বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ ও বিজিবি ময়মনসিংহের দায়িত্বরত সিইও তৌহিদুল ইসলাম জানায়, ময়না তদন্ত শেষে লাশ সনাক্ত করে আগামীকাল সকাল ১০ টায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করবে বিএসএফ। বিজিবির সিইও আরও জানান, এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিএসএফ কতৃপক্ষ দুঃখ প্রকাশ করেছন।
