বিপ্লব বর্মন, ময়মনসিংহ:
মহানগরের কেওয়াটখালী উচ্চ বিদ্যালয়, কেওয়াটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দিগন্ত ক্রীড়া চক্র নামের তিনটি শিক্ষা ও সামাজিক সংগঠনের সামনে ময়লা আবর্জনার স্তুপ দেখা গেছে। তিন প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে গৃহস্থালির ময়লা-আবর্জনার বাগাড় থাকায় দৃর্গন্ধে এলাকার পরিবেশকে প্রতিনিয়তই দূষিত করছে। রাস্তায় পড়ে থাকা এসব ময়লা ছড়িয়ে-ছিটিয়ে রাস্তার পরিবেশকে যেমন দূষিত করছে ঠিক তেমনি নষ্ট হচ্ছে সিটি কর্পোরেশনের এই রাস্তা। কেওয়াটখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খান বলেন, স্কুলের সামনে রাস্তায় গৃহস্থালির ময়লা-আবর্জনা পড়ে থাকায় আমাদের ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়ায় সমস্যা হয়।
নবম ও দশম শ্রেণীর ক্লাসরুম রাস্তার পাশে হওয়ায় ক্লাস নেওয়ার সময় প্রচন্ড রকমের দুর্গন্ধ আসে। যার ফলে ক্লাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে। প্রায়ই বাধ্য হয়ে ক্লাস বন্ধ করে দিতে হয়। দিগন্ত ক্লাবের সাবেক প্রতিষ্ঠা সভাপতি মোশারফ হোসেন বলেন, আমাদের ক্লাবের সামনে রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা বন্ধের জন্য ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সচেতনতা থেকে শুরু করে মহল্লায় দু’টো মিনি ডাস্টবিনও স্থাপন করেছিল।
বেশ কিছুদিন যাওয়ার পর এই মিনি ডাস্টবিন নিয়ে মহল্লাবাসীদের নানাবিদ অভিযোগের কারনে মিনি ডাস্টবিন প্রকল্প বাতিল করতে বাধ্য হয়েছিল। এরপর রাস্তায় ক্লাবের সামনে আবার ময়লা ফেলছে দিনরাত। ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, আমি নিজে গিয়ে মহল্লার বাসিন্দাদের ময়লা ফেলতে নিষেধ করেছি। তবে কারা ময়লা ফেলছে তা স্বীকার করতে নারাজ। যাইহোক, একসপ্তাহ পর কতগুলো ড্রাম বসানোর উদ্যোগ নিয়েছি। আশা করি এরপর সমস্যা হবে না। তিনি আরো বলেন, যদি তা না হয় তবে বিকল্প পন্থা অবলম্বন করতে বাধ্য হব।
