ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অভিনব কায়দায় প্রতারণা ৪ যুবক জেলে।

প্রতিবেদক
Mymensingh
জুন ২৩, ২০২০ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ,

সরকারী ত্রাণ বিতরণ করা হবে। এ জন্য গ্রামের সহজ সরল নারী-পুরুষদের তালিকা করা হচ্ছে। লোকজনের কাছ থেকে ইলেক্ট্রনিকস ডিভাইস দিয়ে আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে। আর এ কাজটি করছেন চার যুবক। এমন তালিকার খবর পেয়ে নান্দাইলের ইউএনও সেখানে উপস্থিত হয়ে নিশ্চিত হন বিষয়টি প্রতারণা। পরে তিনি সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে বিনাশ্রম এক মাস করে কারাদন্ড প্রদান করেন। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে ইলেক্ট্রনিকস ডিভাইস দিয়ে আঙ্গুলের ছাপ নিচ্ছে চারজন যুবক। তাদের সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয় স্থানীয়রা। তখন নির্বাহী অফিসার সেখানে এসে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে এই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলো নান্দাইল উপজেলার মরোকলা গ্রামের আব্দুল জব্বারের পুত্র সোহাগ মিয়া (২৫), সাললা উপজেলার সোনাকান্দি গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র মহসিন (৩২), ধিরাই উপজেলার সন্তোষপুর গ্রামের আক্কাস আলীর পুত্র শাহীন (২৮) ও কাজল মিয়ার পুত্র রুহুল আমিন (৩৫)।

নান্দাইল থানার ওসি আবুল মনসুর আহম্মদ বলেন, সাজাপ্রাপ্তদের সোমবার কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউএনও আব্দুর রহিম সুজন বলেন, ওই চার যুবক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে অর্থ আদায়ের পায়তারা করছিল। তাই আদালতের মাধ্যমে তাদের এক মাস করে সাজা দেওয়া হয়েছে।