নিজস্ব প্রতিবেদক,
দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতি করোনা সংক্রমণে সন্দেহভাজন এবং আক্রান্তদের চিকিৎসায় নতুন উদ্যোগ নিচ্ছে দেশের স্বাস্থ্য বিভাগ। মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন মার্কেটটিতে এক হাজার শয্যার করোনা আইসোলেশন সেন্টার গড়ে তোলার কাজ চলছে। বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো (রেফার্ড করা) করোনা রোগী বা সংক্রমণে সন্দেহভাজনদের এখানে চিকিৎসা দেওয়া হবে।
মার্কেটটির গ্রাউন্ড ফ্লোর থেকে পঞ্চমতলা পর্যন্ত আইসোলেশন সেন্টারের সার্বিক তত্বাবধায়ন করবে সেনাবাহিনী। আর পরিচালনা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া মার্কেটের ৬ষ্ঠ তলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে ৫০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেডসহ ৩০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল করা হচ্ছে। প্রয়োজনে সেখানেও সশস্ত্র বাহিনী প্যাথলজি ল্যাব ও আইসিইউ সহায়তা দিবে।
রবিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এসময় নতুন আরেকটি আইসোলেশন সেন্টার করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা আরো সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইএসপিআর সূত্রে জানা গেছে, মহাখালীর এই আইসোলেশন সেন্টারে বিভিন্ন হাসপাতাল থেকে রেফার্ড করা করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। ডিএনসিসির মেয়র হাসপাতালের সার্বিক তত্ত্বাবধায়ন করবেন।
একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তা পরিচালকের দায়িত্বে থাকবেন। এই আইসোলেশন সেন্টারে সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোর গ্রুপ নিয়োগ করবে। এছাড়া সেন্টারটি পরিচালনার জন্য বাকি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্য সেবা কর্মী নিয়োগ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষ করে আইসোলেশন সেন্টারের প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী নিশ্চিত করবে এবং পর্যায়ক্রমে আইসোলেশন সেন্টার চালু করার প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত নেওয়া হচ্ছে বলে আইএসপিআর জানিয়েছে।
