শাহীন আহমেদ :
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। এই হত্যাকাণ্ডে আল বদর, রাজাকার ও আল শামস বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।
গত রোববার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, এবং উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মহসী মাসনাত।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডি এম ডি উজ্জ্বল ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী বাহিনী অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল। এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। বক্তারা শহীদদের আদর্শ ও চিন্তাধারা অনুসরণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
