মাহফুজুর রহমান সোহাগ, শেরপুর থেকে:
শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে জামালপুর এর বকশিগঞ্জ ও শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতি থেকে ফেনসিডিলসহ চার যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত নয়টা ও এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে আটকের করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
আটককৃতরা হলো- শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৩৫), শ্রীবরদী কলেজ রোডের সজিব (৩০) ও শ্রীবরদী বাজারের সাইফুল গাজী (৩০) এবং পাশ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের সাইফুল ইসলাম (৩৮)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত এগারোটার দিকে শেরপুর টু নালিতাবাড়ী রোডের উত্তর রানীগাঁও মেইন সড়ক হতে সাবেক চাত্রদল নেতা মিজানুর রহমানকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
পরে আজ বুধবার বিকেলে শেরপুর ডিবি পুলিশের উপপরির্দশক( এসআই) হাসিবুল হাসান তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাকে শেরপুর জেলা কারাগারে প্রেরনের নির্দেশ দেন। অপর দিকে এর আগে রাত ৯টার দিকে ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া ঈদগাহ মাঠে ফেনসিডিল সেবন অবস্থায় সজিব, সাইফুল ইসলাম ও সাইফুল গাজীকে আটক করা হয়। পরে এ ঘটনায় ডিবি পুলিশের উপপরির্দশক( এসআই) ইউসুফ আলী বাদী হয়ে মাদক আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
