দেশের সাংবাদিক সমাজে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কিছু নবাগত ও বিতর্কিত ব্যক্তির আগমনে। পেশাদার সাংবাদিকদের অভিযোগ, এরা সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত মান বজায় না রেখে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর খবর প্রচার করে সাধারণ পাঠক ও দর্শকদের মধ্যে ভুল তথ্য ছড়াচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদ প্ল্যাটফর্মগুলোতে এমন কয়েকজন ব্যক্তিকে দেখা গেছে, যারা নিজেদের সাংবাদিক দাবি করলেও তাদের সংবাদ যাচাই-বাছাইহীন এবং অনেক ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠেছে। এতে করে পেশাদার সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেন, দীর্ঘদিন ধরে আমরা নৈতিকতা ও যাচাইয়ের ভিত্তিতে কাজ করে আসছি। কিন্তু এখন কিছু লোক সামাজিক মাধ্যমে এসে পেশাটিকে প্রশ্নবিদ্ধ করছে।
অন্যদিকে, নতুনদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা কণ্ঠহীন মানুষের কথা বলছেন, যা মূলধারার গণমাধ্যম অনেক সময় উপেক্ষা করে। ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম নবাগত সংবাদকর্মী বলেন, আমরা শুধু সত্য বলছি, সেটি যদি কারও অস্বস্তি তৈরি করে, তার দায় আমাদের নয়।
গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি সামাল দিতে সাংবাদিক সংগঠনগুলোর উচিত পেশাগত মানদণ্ড আরও কঠোরভাবে বাস্তবায়ন করা এবং ভুয়া সংবাদ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া।
