মোঃ আলী ছোবান নেত্রকোনাঃ নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের নওধার গ্রামের কৃষক জামাল মিয়ার বিরুদ্ধে স্ত্রী আঁখি আক্তারকে (২১) হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বুধবার দুপুরে মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্বামী জামাল মিয়াকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের নওধার গ্রামের গণি মিয়ার ছেলে জামাল মিয়ার সাথে প্রায় পাঁচ বছর আগে এবই উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সিরাজ মিয়ার মেয়ে আঁখি আক্তারের বিয়ে হয়। গৃহবধূর ভাই জায়েদুল ইসলামর অভিযোগ, জামাল মিয়া প্রায় সময় নেশা করত। বিয়ের পর থেকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেয়ার জন্য স্ত্রীর ওপর চাপ সৃষ্টি এবং শারীরিক ও মানষিক নির্যাতন করত। মঙ্গলবার রাতে ৫ হাজার টাকা বাবার বাড়ি থেকে এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।
টাকা না দেয়ায় মঙ্গলবার রাতে তার বোনকে হত্যা করে, পানিতে পড়ে মারা গেছে বলে নাটক সাজানোর চেষ্টা করছে। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ বুধবার দুপরে গৃহবধূর লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
