:জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে দুর্নীতি বন্ধ হবে এবং জামায়াতকে বিজয়ী করার মাধ্যমে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ফুলবাড়ীয়াকে আধুনিক উপজেলা হিসেবে গঠন করা হবে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক নির্বাচনী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল হাসান মিলন বলেন, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা নিজেকে জনগণের মালিক মনে করেন, দেশকে তারা নিজের সম্পত্তি মনে করেন। জামায়াত নির্বাচিত হলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সর্বমহল থেকে শতভাগ দুর্নীতি নির্মুল করা হবে। বলেন, আগামী শান্তিময় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জামায়াতকে ক্ষমতায় আনার বিকল্প নেই।
ইউনিয়ন জামায়াতের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাক্তার আব্দুর রাজ্জাক, শূরা সদস্য মাওলানা নূরুল ইসলাম ও জামায়াত নেতা এসএম শাহজাহান সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
