ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সকল ধর্মের লোকদের সম-অধিকার রয়েছে বাংলাদেশে- ঈশ্বরগঞ্জে সাবেক এমপি শাহিন

প্রতিবেদক
Arif
অক্টোবর ২, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ্ নূরুল কবির শাহিন বলেছেন, সকল ধর্মের লোকদের নিরাপত্তা পাওয়ার সম-অধিকার রয়েছে বাংলাদেশে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়েই আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। তাই সকল ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার কাজ করছি। আমরা জনগণের সেবক। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করছি। তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার নিজ নির্বাচনী এলাকা সংসদীয় আসন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ উপজেলা বাজার জয়কালী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি উপজেলার ৭নং মগটুলা ইউনিয়নের ধীতপুর দূর্গামন্দির, বৈরাটী পূজা মন্ডপ, মধুপুর বাজার কালী মন্দির , ৬নং মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ সাটিহারি পূজা মন্ডপ, দত্তগ্রাম পূজা মন্ডপ, দত্তগ্রাম পন্ডিতবাড়ী পূজা মন্ডপ, ৫নং জাটিয়া ইউনিয়নের কুমারুলী সর্বজনীন পূজা মন্ডপ, ৪নং আঠারবাড়ী ইউনিয়নের খালবলা শিব মন্দির , আঠারবাড়ী জগদ্বত্রী মন্দির, উত্তর বণগাও দাস পাড়া পূজা মন্ডপ, রায় বাজার কালী মন্দির এবং ২নং সোহাগী ইউনিয়নের বড় তারাকান্দি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে গত ২০০১ সালে দলীয় মনোনয়ন দিয়েছিলো, ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম, ২০০৮ সালেও দল আমাকে মনোনয়ন দিয়েছিলো,আমি আশা করছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি আমাকে মনোনয়ন দিবে, উপজেলার উন্নয়নকে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে আবারও বিজয়ী করবেন আশা করছি।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনায় ছিল- ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সকলের। আমরা সেই নীতিতে বিশ্বাস করে ঈশ্বরগঞ্জকে এক সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর উপজেলা হিসাবে তৈরী করবো। আমাদের সমাজে সকল আচার অনুষ্ঠান হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে একসাথে উদযাপন করি। তিনি বলেন- সনাতন ধর্মাবলম্বীরা ভাইয়েরা বছরে দুটি উৎসব করে, আমরা তাদের উৎসব উপভোগ করি, আর আমাদের মুসলিমদের মাঝে দুটি ঈদে বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদের নিমন্ত্রণ করি,বিয়ে শাদীতেও সমাজে একে অপরকে নিমন্ত্রণ করি। এই সম্প্রীতির বন্ধন আমরা আগামীতে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

শান্তির ঈশ্বরগঞ্জে আমরা কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেইনি, আগামীতেও দিবোনা।কাউকে শান্তি বিনষ্ট করতে দেওয়া হয়নি আগামীতে দেওয়া হবেনা জানিয়ে তিনি আরও বলেন- আমি ২০০১ সালে এমপি হওয়ার পর মসজিদে যেমন অনুদান দিয়েছি, মন্দিরেও দিয়েছি। কবরস্থানে যখন অনুদান দিয়েছি, শশ্বানেও দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় গেলে এই অনুদান অব্যাহত থাকবে।