ময়মনসিংহে মহাসপ্তমীতে নগরীর পর মুক্তাগাছা উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি মুক্তাগাছা উপজেলা প্রশাসনের চলমান উন্নয়ন কর্মকান্ডের স্বচ্ছতা যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষে উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি মণ্ডপ কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন।
জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “যখন কোনো উৎসব হয়, সেটি কিভাবে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, সে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দেখি। এ লক্ষ্যে সভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করে।”
তিনি আরও বলেন, “পরিদর্শনের আগে যেমনটা ভেবেছিলাম, এসে দেখি তার থেকেও সুন্দর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। দেখে মনে হয়েছে, আমাদের দেশের মানুষ সকল ধর্মের উৎসবকে আনন্দঘন পরিবেশে পালনে এগিয়ে এসেছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।”
জেলা প্রশাসক বলেন, “জেলার প্রতিটি অনুষ্ঠান এবং প্রতিটি মানুষের কল্যাণে আমার দায়িত্ব রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের স্বার্থে কাজ করেন- আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট।”
তিনি আরও যোগ করেন, “আপনাদের মধ্যে যে উদ্দীপনা লক্ষ্য করেছি, সেটিই আমাদের বাংলাদেশ। আমরা যে সম্প্রীতির মধ্যে বসবাস করি, তা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। পূজা মণ্ডপ তৈরির শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি।”
এ সময় তার সঙ্গে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি,
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া তিনি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
