বিশেষ প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ’র ইন্তেকালে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গভীর শোক প্রকাশ করেছে।
সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ সাহেব বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের জাতীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছিলেন।
সব সময়ই জমিয়াতের সাথে তাঁর একটি নিবিড় সম্পর্ক ছিল, সংগঠনের সভাপতি ও মহাসচিবসহ সার্বিক বিষয়ে সর্বদা তিনি খেঁজখবর রাখতেন। জমিয়াতুল মোদার্রেছীনের সকল সুবিধা অসুবিধায় পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতেন। কিছুদি পূর্বেও তিনি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ে অংশ নিয়েছিলেন।
তিনি নিজে একজন মাদরাসা শিক্ষিত হিসেবে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে জমিয়াতুল মোদার্রেছীনের সকল কর্মকান্ডে সমর্থনের পাশাপাশি দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকতেন। এমন একজন আত্মত্যাগী সুভাকাংখিকে হারিয়ে জমিয়াতুল মোদার্রেছীনে তৃণমূল থেকে জতীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দ গভীর শোকাহত।
ইসলামী শিক্ষা উন্নয়ন, বিশেষ করে কওমি মাদরাসার সনদ স্বীকৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে তিনি দেশের মানুষের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীকে সার্বক্ষনিক পরামর্শ দিয়ে যে ভূমিকা রেখে গেছেন সেজন্য সকলেই তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
