স্টাফ রিপোর্টার: করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের সিলভার ক্যাসেল রিসোর্টের মালিক আনোয়ার ইসলাম বেগ (৫০) মারা গেছেন। মঙ্গলবার (৯ জুন) ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনার পথে জয়দেবপুর চৌরাস্তা এলাকায় তিনি মারা যান।
জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সোমবার (৮ জুন) রাত ৮টার পর আনোয়ারুল ইসলামকে এসকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে জানান সিভিল সার্জন। আনোয়ারুল ইসলামের আত্মীয় নজিবুল হক নজিব জানান, বেশ কিছুদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন এবং বাসাতেই তার চিকিৎসা চলছিল। অবস্থা খারাপ হলে সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা উপসর্গ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল।
